প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 20, 2025 ইং
সড়ক সংস্কারের দাবিতে রসিকের প্রতীকী গায়েবানা জানাজা

মো আব্দুল্লাহ আনন্দ, স্টাফ রিপোর্টের ::
রংপুর মহানগরীর জাহাজকোম্পানী থেকে সাতমাথা পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার সড়কটির দীর্ঘদিন ধরে বেহাল দশা হলেও সিটি করপোরেশন এর কোন ভ্রূক্ষেপ নেই। সড়কটি নিয়ে একাধিকবার গণমাধ্যমে সংবাদ প্রচার হলেও রসিক কর্তৃপক্ষ কোন পদক্ষেপ নেয়নি।
তারই প্রতিবাদে সিটি করপোরেশন কর্তৃপক্ষ মারা গিয়েছে দাবী করে অভিনব প্রতিবাদ জানিয়ে সিটি করপোরেশন কর্তৃপক্ষের প্রতীকী গায়েবানা জানাজার আয়োজন করেছেন রংপুরের সাতমাথাবাসী।
আজ রোববার (২০ জুলাই) দুপুর ১২ টার দিকে সাতমাথা রেলগেটের পাশে মরিয়ম চক্ষু হাসপাতাল সংলগ্ন রাস্তায় এই প্রতীকী গায়েবানা জানাজার আয়োজন করে তারা।
এতে অংশ নেন সাতমাথার স্থানীয় বাসিন্দারা প্রতীবাদস্বরূপ গায়েবানা জানাজা পরিচালনা করেন মাদরাসা শিক্ষার্থী রাহুল ইসলাম।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা রাজিমুজ্জামান হৃদয় বলেন, “দিনের পর দিন সাতমাথা থেকে জাহাজ কোম্পানি পর্যন্ত প্রায় ৫ কি.মি সড়কের ভয়ঙ্কর দশা যেন দেখার কেউ নাই। এই সড়কের দায়িত্ব রংপুর সিটি করপোরেশনের। কিন্তু সড়কের ভয়াবহ বেহাল দশায় তাদের ভ্রুক্ষেপ নেই। এজন্য সাতমাথাবাসী মনে করে, সিটি করপোরেশন কর্তৃপক্ষ মারা গেছে। তাই প্রতিবাদ স্বরুপ সিটি করপোরেশন কর্তৃপক্ষের প্রতীকী গায়েবানা জানাযার আয়োজন করা হয়েছে। এর আগে আমরা নানাভাবে চেষ্টা করেছি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণে কিন্তু লাভ হয়নি। শুধু আশার বানী শুনিয়েছেন তারা।”
গায়েবানা জানাজার শেষে কফিন মিছিল নিয়ে সাতমাথা শহীদ চত্বরে অবস্থান নেয় এলাকাবাসী। সেখান থেকে তারা ঘোষণা দেয় দ্রুততম সময়ের মধ্যে সড়কটির সংস্কার না করলে সড়কটি বন্ধ করে বৃহৎ কর্মসূচি পালন করা হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Revolt News BD